| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| এহার কারণে তোল সুবর্ণ মহল | পাত্র বলে অহে রাজা হইলে পাগল || শুনহ অবোধ রাজা বলি তোর তরে | এই মহাপাপে লক্ষ্মী না রহিব ঘরে || মহারাজা হয়্যা মহাপাপে দিলে মন | এই পাপে মৈল দেখ রাজা দশানন || রামায়ণে এই কথা সংসার খিয়াতি | রাবণের বংশে কেহ দিতে নাহি বাতি || এই পাপে মলিন হইল চিন্তামণি | এই পাপে নষ্ট হব গোউড় অবনী || বেউশ্যা লইয়া যদি বঞ্চিবে কৌতুকে | গৌউড়ের প্রজা সভ না রহিব সুখে || গঙ্গাজলে দান দিয়া করিতে ধিয়ান | এতদিনে মিছা হইল ভারত পুরাণ || বিফল হইল দান অশ্ব অন্ন ক্ষিতি | হেনই সময়ে রাজা পাপে দিলে মতি || বেউশ্যা পরশে পাপ না যায় খন্ডন | দেখিলে অনেক পূণ্য কহে মুণিগণ || পরশ করিয়াছিল মহীমণি রাজা | তারে বাম হইল ভবানী দশভূজা || সন্ধিপুরে শনিবারে লাগিল আগুন | ভাগ্যপুণ্যে রক্ষা পাইল সহস্র অর্জুন || পরকালে পাইল রাজা কুক্কুর জনম | পাতকে মরিল ভুপ মনের নিগম || বিংশতি বত্সর ছিল ব্রাহ্মণের কাছে | অন্ন খায়্যা মুক্ত হৈল পুরাণে লিখ্যাছে || পাত্র মহামদ কত রাজারে বুঝায় | রূপবতী রাজকন্যা বিভা দিব রায় || বরভূঞা বর্তমান বাহাত্তর মন্ডল | রূপবতী কন্যা আছে কুলীন কমল || যার ঘরে কন্যা পাব পরম সুন্দরী | বারতা পাইলে আজি বিভা দিতে পারি || আমার বচনে দূর কর পাপমতি | আজি কন্যা বিভা দিব যেন সত্যবতী || হরিপাল কুঙর সিমুলের অধিকারী | তার কন্যা আছে ভাল কানড়া কুমারী || হাথে সুতা বান্ধি রাজা বর হয়্যা চল | কানড়া কুমারী বিভা দিব উভদল || পাত্র ভেদী ভূপতি নারীর ভেদী নর | পাত্র-বোলে ভুলিল ভূপতি গৌড়েশ্বর || পাত্র বলে অহে রাজা রাজ্যে দেহ মন | সিমুলের গড়ে চল সঙ্গে সেনাগণ || শীঘ্রগতি চল রাজা সিমুলের গড় | বলে কন্যা বিভা দিব কুমারী কানড় || তবে যদি কানড়া না করে স্বয়ম্বর | ভবানী করিব পূজা হরিপাল কুঙর || লুট্যা নিব মালমাত্তা সিমুল্যা অবনী | কানড়া গোউড়-ভূপে করিব ছামনি || সংহতি করিয়া লহ নব লক্ষ দল | হাথে সুতা বান্ধি রাজা বর হয়্যা চল || বিভা দিব কানড়া কুমারী বলে চলে | মাথার মুকুট দিয়া চল মোর বোলে || বলে ছলে তবে যদি বিভা দিতে নারি | পাত্র মহামদ নাম কোন কাজে ধরি || পাত্র বলে রাজা হে বিলম্বে নাই কাজ | বর হয়্যা চল হে গৌড়ের মহারাজ || পাত্রের বচনে মহারাজা দিল মন | বেউশ্যা বিদায় হৈল পায়্যা নানা ধন || রাজা বলে মহাপাত্র অবধান কর | সূতা হাতে বান্ধি এখন না হইব বর || যদি হরিপাল কন্যা কুমারী কানড় | ঘটক পাঠায়্যা দেহ সিমুলের গড় || নৌতন কুটুম্ব ঠাঁই লৌকিক বেভার | অধিবাস সজ্জ দেহ বিশাশয় ভার || ঘটক হইয়া যাকু ভাট গঙ্গাধর | না জানি কেমন করে হরিপাল কুঙর || না জানি কন্যার মনে কোন কথা আছে | বুড়া বর বলি মনে ভয় করে পাছে || কানড়া জানিল যদি হাথে বান্ধা সূতা | তবে বর হয়্যা যাব এই মোর কথা || . ****************** . লৌহগণ্ডার পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
