| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| পথমধ্যে বেগারি পদাতি কত ধরে | আনন্দে চলিল ভাট সিমুল্যা শহরে || পাছু করে গোউড় আরতি কাশীপুর | বঙ্গভাটি মাজন রহিয়া গেল দূর || দক্ষিণে দোরনি উজা পদ্মাবতীর ধার | কৌশিক কনক পার রহিল বেহার || বচনে বিলম্ব নাঞি বিষম আরতি | রহিল গোলোকপুর বনজ বসতি || এক আঁঠু পার হৈল বিমলার জল | দক্ষিণে দারুণ দহ আগম অতল || সিমুলের গড় পাইল দ্বিতীয় প্রহর | বার দিয়া বস্যাছে হরিপালকুঙর || চারিদিগে প্রজা বৈসে প্রধান মন্ডল | কুলীন পন্ডিত রাজা কবি নিরমল || হেনবেলা ভাট গিয়া দিল দরশন | বোঝা ভার চারিদিগে অশেষ যতন || পড়িল পিঙ্গল ছন্দ ভাট গঙ্গাধর | বসিতে আসন দিল দরবার ভিতর || পরিহাস বচন বলিল মহারাজ | বেগারি রাখিল যত অধিবাস সাজ || ভাট গঙ্গাধরে রাজা করে নিবেদন | নিশ্চয় বলিবে ভাই নিজ প্রয়োজন || কিমর্থ কারণে আইলে আমার নিবাস | কার দ্রব্য এত দেখি অবনী প্রকাশ || ভাট গঙ্গাধর বলে শুন সত্যবাণী | গৌড়েশ্বর মহারাজা পাঠাল্য আপনি || তোণার দুহিতা নাম কানড়া কুমারী | তারে বিভা করিব গোউড় অধিকারী || এখনি দেখিবে রাজা হাতে সূতা বর | আমার বচনে তার অধিবাস কর || রাজাকে অধিক হৈলে রাজ্যের ঠাকুর | দরবারে গৌরব গুরু রাজার শ্বশুর || অবিলম্বে রাজারে কানড়া কর দান | বারভূঞাগণ মাঝে তোমার বাখান || মূর্তিমান দেখ সঙ্গে রাজ-পুরোহিত | অধিবাস দ্রব্য লহ বেদের বিহিত || বারতা পাইয়া রাজা বলে জোড়কর | বড় ভাগ্য আপনি জামাতা গৌড়েশ্বর || দুই দন্ডে করিব কন্যার অধিবাস | এত দিনে সফল মনের অভিলাষ || এত শুনি হরিপাল হরষিত মন | সমাদরে দিল ভাটে বসিতে আসন || গোউড়ের বেগারিকে করিল গৌরব | একে একে বসিতে আসন দিল সব || তবে রাজা বিদায় ভাটের বরাবর | হরিপাল কুঙর গেল কানাড়ার ঘর || অবধানে বস্যাছে ধুমসী বলধর | যমের সমান দাসী হাথে যমঘর || শশিমুখী কানড়া রতন সিংহাসনে | একভাবে ভবানী পূজেন রাত্রিদিনে || কানড়া কন্যার কাছে দরশন দিল | জনকের কাছে যেন জানকী সাজিল || পিতার চরণে কত করে দন্ডবত | রাজা বলে এতদিনে সিদ্ধ মনোরথ || তুমি ভাগ্যবতী বড় জগত বাখানি | তুমি হৈলে গোউড়ে রাজার পাটরাণী || ভবানী পূজিলে তুমি এ বার বত্সর | বড় ভাগ্যে পতি পাইলে রাজা গৌড়েশ্বর || তুমি কন্যা হৈতে ভাল হৈল নামযশ | রূপ গুণ শুনিয়া ভূপতি হৈল বশ || আজ্ঞা পাইলে অধিবাসে আমি দিব মন | কালি ভানুমতী তোর করিব সেবন || হাথে সূতা বান্ধা রাজা আসিব এখনি | উভদলে আসিব ছাইয়া দিনমণি || রাজা গৌড়েশ্বর তুমি কর স্বয়ম্বর | অবধানে রাখ ঝিএ আমার উত্তর || এত শুনি কানড়া মরমে পাইল লাজ | মহীলতা হইল পঞ্চমী দ্বিজরাজ || . ****************** . লৌহগণ্ডার পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
