| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| দ্রব্য দিয়া ভারি হকু গোউড় বিদায় | তুমি যাবে পশ্চাতে সাধিয়া যত দায় || ভাট হরষিত হৈল শীতল বচনে | ভারী সব দ্রব্য লয়্যা চলিল তখনে || আগু আগু চলিল ধুমসী পয়দল | চাকের ভাঙুরি পাইল রাজার মহল || রাজার মহল মাঝে কানড়ার ঘর | ভারীগণ উত্তরিল তার বরাবর || কানড়া বসিয়া ঘরে কনক আসনে | আশ্বিন মাসের যেন জ্বলিছে সলনে || ভারীগণ সমুখে রাখিল নিঞা ভার | জয় দূর্গা বলিয়া করিল নমস্কার || সমুখে রহিল সব জোড়হাথ করি | ধুমসীকে বলিল কানড়া বিদ্যাধরী || তৈল আমলকী দেহ যত ভারীগণে | স্নান করাইয়া আন গঙ্গার জীবনে || এই দ্রব্য সভাকে করাহ জলপান | তবে নিব বারতা সভার বিদ্যমান || হাথে হাথে বেগারি আনিবে বরাবর | ডুব দিতে জলে যেন না হয় ধীবর || এত শুনি ধুমসী তামসী নিল হাথে | জয়দীঘি যায় তবে বেগারির সাথে || তৈল আমলকী চুয়া দিল প্রতিজনে | স্নানহেতু জয়দীঘি দিল দরশনে || সমাধিয়া স্নান সভে করিল গমন | কানড়া ভবানী পূজে হয়্যা একমন || ধূপধুনা পরিপাটি ঘোর অন্ধকার | কানড়া ভবানী পূজে একমন যার || বেগারি সকল দেখি মনে যুক্তি করে | বলিদান পাছে দেই দেবীর খর্পরে || পূজার আরম্ভ দেখি উড়িল পরাণ | দেবীর সমুখে পাছে দেই বলিদান || কেহ বলে বিপাক পড়িল মন্বন্তর | পালাইতে পথ নাই গড়ের ভিতর || কেহ-বা জীবন হেতু দেবীকে ধিয়ান | ধুমসী সভার কোলে দিল জলপান || মালা আর চন্দন রাখিল তার কাছে | কেহ দেখি বলিল ললাটে কিবা আছে || কেহ-বা তরাসে বলে গাএ আইল জ্বর | কোন্ যুগে কাহারে এমন মন্বন্তর || ধুমসী সভারে আগে চন্দন পরায় | হাথে গুয়াপান মালা দিলেক গলায় || কানড়া বলেন ভাই আইস আগু হয়্যা | সত্য কথা বলিবে সূর্যের পানে চায়্যা || মিথ্যা কথা কহিলে পাইবে অপমান | ভবানী সমুখে ধব়্যা দিব বলিদান || সত্য বাক্য হৈলে দিব সুবর্ণ টোপর | চড়িয়া পুরট ঘোড়া সভে যাবে ঘর || হাথে দিল তুলিয়া তুলসী গঙ্গাজল | রাজার বয়স কত সত্য করি বল || কাহার বয়স বটে রাজা গৌড়েশ্বর | কেমন বরণ জ্ঞান কেমন সুন্দর || কেমন রাউত আছে রাজার সভায় | বলে কত বড় বীর গৌড়েশ্বর রায় || এত যদি কানড়া বলিল পূর্বমুখে | সত্য কথা কয়্যা সভে ঘর যাহ সুখে || আগু হয়্যা বলিল বেগারি দুই ভাই | বয়সের দোষে কত সঞ্চরে বালাই || শুন ঠাকুরাণী সত্য বলি জোড়কর | রাজার বয়স হৈল বিশাশয় বছর || অবনী ধরিয়া উঠে অনেক যতনে | নতুবা ধরিয়া তোলে চারি পাঁচ জনে || চলিতে না পারে রাজা কাঁপে থরথর | মরণ সমুখ দেখি ছমাস বত্সর || মাসে পক্ষে গৌড়েশ্বর কতবার মরে | হেনজনে বিবাহের সাধ মনে করে || ছেঁচাগুয়া ভক্ষণ নলেতে দুগ্ধ পিয়ে | ভাগ্যপুণ্যে বত্সর ছমাস রাজা জিএ || রাজার বয়স কত গাছপালা বুড়া | কুন্তল নাহিক শিরে দশনের গোড়া || বুকে লাগে ওদন ভোজন বড় দুখে | নিবেদিলু ঠাকরাণী তোমার সমুখে || . ****************** . লৌহগণ্ডার পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
