| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| ধর্ম সাক্ষ্য বলিবে সভার বিদ্যমান | তুমি জান ধর্ম জানে লোক পরিণাম || পশ্চিম উদয় সাক্ষ্য পূর্বমুখে দেহ | গঙ্গাজল তুলসী দুহাতে তুল্যা লেহ || ভূপতি বলেন ভাই শুন হরিহর | সত্য সাক্ষ্য দিবে মনে না করিবে || যুধিষ্ঠির মিথ্যা কৈল কৃষ্ণের বচনে | যম দরশন পাল্য নরক দক্ষিণে || অন্তরীক্ষে আপনে উঠিত তার রথ | পুণ্য হেতু পুণ্য বাড়ে শুন্যাছি ভারথ || মিথ্যা কিবা সত্য বল এহার বিধান | শতেক পুরুষ তোর দেখ বিদ্যমান || সত্য সাক্ষ্য বলিলে আপনি স্বর্গ যাবে | মিথ্যা সাক্ষ্য বলিলে বিস্তর দুঃখ পাবে || এত বলি তার হাথে দিল গঙ্গাজল | রজত কাঞ্চন ধান্য তুলসীর দল || এত শুনি বাইতির মনে হৈল ভয় | পঞ্চতীর্থ হাতে ধরি মিথ্যা সাক্ষ্য কয় || সাক্ষ্য দিতে বাইতি হইল আগুয়ান | হেনবেলা বৈকুন্ঠে জানিলা ভগবান || দয়ার ঠাকুর ধর্ম জানিলা আপনে | সরস্বতী পাঠাইলা পরম যতনে || মিথ্যা সাক্ষ্য বলিছে বাইতি হরিহর | আপনি তাহার কন্ঠে কর গিয়া ভর || সভাজন সাক্ষীর বচনে মন দিল | মিথ্যা উচ্চারিতে গিয়া সত্য উচ্চারিল || পশ্চিম উদয় হৈল হাকন্ডের কুলে | সমুখ দুয়ারে আমি দিয়াছি ধুম্বুলে || জয়ধ্বনি শঙ্খধ্বনি সয়াল ভুবন | সভে বলে বারমতি পূর্ণ এতক্ষণ || সত্য সাক্ষ্য নিবেদিল সভার ভিতর | পুরস্কার পাল্য পুন লাউসেন কুঙর || হরিহর বাইতি চলিয়া গেল ঘরে | শতেক পুরুষ তার গেল স্বর্গপুরে || সুবর্ণ বিমানে পাল্য বৈকুন্ঠ দুয়ার | ভগীরথ হেতু যেন বংশের উদ্ধার || সত্য সাক্ষ্য বলিয়া বাইতি গেল ঘর | পাত্র বলে মোর মুন্ডে পড়িল বজ্জর || কোন্ বুদ্ধে বাইতির মজাব ঘর গারি | মিছে ঢেঁসা দিব ধন করিয়াছে চুরি || ধনে প্রাণে ডুবাইব ভৈরবীর জলে | নহে চড়াইব তারে দারুণ ত্রিশুলে || হেঁটমুখে বিস্তর করিল অনুমান | জোড়হাথে বলেন রাজার সন্নিধান || মহারাজ চক্রবর্তী গৌড় অধিকারী | এত রাজ্য থাকিতে তোমার ঘরে চুরি || পঞ্চাশ মোহর নাই সিন্দুকের টাকা | তোমার ভান্ডার ঘরে দিনে হৈল ডাকা || সতন্তর কোটাল তলাশ নাহি করে | জৈমুনি ভান্ডার ধন হরিল তস্করে || কেটালের বিশেষ শুন্যাছি ঠাকুরালি | সিঁদাল ডাকাত সঙ্গে কব়্যাছে মিতালি || তোমা হৈতে তাহার বিস্তর সম্ভাবনা | বনিতার কানে দোলে আড়াই তোলা সোনা || এত শুনি কম্পিত গৌড়ের মহীপাল | ঘন ঘন ডাক পাড়ে কোটাল কোটাল || ঢাল খাঁড়া হাথে ইন্দা করিল জোহার | সমুখে দান্ডাল্য যেন যম অবতার || রাজা বলে ইন্দ্রজাল শুন মন দিয়া | অবিলম্বে ধনচোর আনিবে ধরিয়া || তবে যদি নাহি আন মোর বিদ্যমান | চোরের বদলে তোর বধিব পরাণ || তাজনি করিল রাজা রাতুললোচন | নিবেদন করে ইন্দা রাজার চরণ || ধনের সহিত চোর আনিব এখানি | অকারণে ক্রোধ কর নৃপচূড়ামণি || . ****************** . স্বর্গারোহণ পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
