| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| পাত্র বলে এ বেটা পাতকী ছিল পারা | এই হেতু গোলোক পদ্ধতি হৈল হারা || আজ্ঞা দিল আপনি কোটালে পুনর্বার | অবিলম্বে আন মোর জৈমুনিকুমার || বার বত্সরের বালা সুধাসম বাণী | সেই বেটা স্বর্গে যাব আমি সব জানি || পুনর্বার আরতি দিগার যদি পায় | ধাওাধাই রমতি পাত্রের ঘর যায় || দেখিল পাত্রের শিশু খেলে পাঠশালে | ইন্দ্রজাল কোটাল ধরিল হেনকালে || চুলে ধরি নাওাইল ভৈরবীর নীরে | ঐরূপ তুলিয়া দিল ত্রিশূল উপরে || পরিত্রাহি ডাক ছাড়ে নাহি পরিত্রাণ | মুন্ডে লাথি মারে তার বীর হনুমান || ঐমনি ত্রিশূলে থাকে স্বর্গ নাহি যায় | মনে মনে সন্তাপ বিস্তর লোক পায় || কোপানলে জ্বলে পাথ কিছু নাঞি বলে | অপরঞ্চ তিন পুত্র দিলেক ত্রিশূলে || একে একে লাথি মারে পবননন্দন | দৈবহেতু নাঞি পাল্য বৈকুন্ঠ ভুবন || পাত্র বলে এ সব পাতকী বড় ছিল | ছোট পুত্র আনিবারে কোটালে কহিল || সেই পুত্র স্বর্গ যাব জানিল অন্তরে | পাপ পূণ্য নাঞি কিছু তাহার শরীরে || এত শুনি কোটাল চরণে করে ভর | পাত্রের ভবন পাইল রমতি নগর || জননীর কোলে সেই শিশু দুগ্ধ খায় | নিদারূণ দিগার ধরিল তার পায় || মনগতি দেখা দিল ভৈরবীর কুলে | আগু কব়্যা তুল্যা দিল দারুণ ত্রিশূলে || তার বুকে লাথি মারে হনুমান বীর | ঐমনি রহিল গাঁথা ত্রিশূল বাহির || ছয় পুত্র মৈল তার পর্বতের চূড়া | পরহিংসা করিতে আপনি আঁটকুড়া || মহাবীর স্বর্গ গেল সঙ্গে হরিহর | মনে যুক্তি করে তবে গৌড়ের নাবড় || ছয় পুত্র মৈল মনে শোক নাঞি বাসে | মনে করে লাউসেন ভাগিনা পাছে হাসে || এত বলি নৃত্য করে দরবার ভিতর | পাগল হইয়া বলে শোকেতে কাতর || ভাল হৈল ছয় বেটা ত্রিশূলে মরিল | পাট পড়শির সঙ্গে বিবাদ ঘুচিল || ভাইজার মরণে কান্দেন রঞ্জাবতী | সবিনয় বাক্য বলে লাউসেন প্রতি || এক পুত্র হেতু আমি শালে দিলুঁ ভর | ছয় ভাইজা মৈল আজি ত্রিশূল উপর || নিজ গুণে একজনে দিবে প্রাণদান | তবে রয় পদ্ধতি তর্পণ পিন্ডদান || মরা যদি প্রাণ পায় গোউড় শহরে | কলিযুগে ধর্মপূজা হবে ঘরে ঘরে || রঞ্জাবতী বলে যদি এ সব বচন | আজ্ঞা দিল ছোট শিশু আনিতে তখন || একজন বলিলে পঞ্চাশ জন ধায় | ত্রিশূল হইতে শিশু আনিল ত্বরায় || সভামধ্যে মরা শিশু রাখিল তখন | প্রাণ দেই লাউসেন ময়নার তপোধন || ধর্ম-সঙরণে তার মুখে দিল জল | মরা শিশু প্রাণ পায়্যা হাসে খলখল || অসম্ভব বারতা রাজার দরবারে | সেই হেতু ধর্মপূজা বাড়িল সংসারে || নানা ধন লাউসেন পাইল পুরস্কার | দ্বিজ রূপরাম গান ধর্ম সখা যার || . ****************** . স্বর্গারোহণ পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
