| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| কেবা হেন দেবী পূজে হইতে অমর | ইন্দ্র বলে ইন্দ্র হব আমার উপর || কৈলাসে রহিতে আর নারিল অভয়া | সিংহরথে আরোহণ হৈল সর্ব্বজয়া || অজয়া পাইল দেবী অনিলগমনা | বর মাগ বর মাগ বলে ত্রিলোচনা || যে বর মাগিব তুমি সেই বর দিব | ইন্দ্রপদ মাগিলে এখনি দিয়া যাব || ইঙ্গিতে করিতে পারি বিধাতার স্বামী | বিষ্ণুভক্তি চাহ যদি দিয়া যাব আমি || সোমঘোষ বরমাগে জুড়ি দুই কর | কপট তেজিয়া মাতা দিবে পুত্রবর || ইসব শুনিয়া বর দিল হৈমবতী | অবশ্য তোমার কোলে হবেক সন্ততি || ইছাঘোষ নাম হব আমার কিঙ্কর | সংসারবিজয়ী হব বলে ধনুর্দ্ধর || বর দিয়া মহামায়া হৈলা অন্তর্ধান | সোমঘোষ বলে আমি বড় ভাগ্যবান || বর পায়্যা গোয়ালা বড় মনে আনন্দিত | দ্বিজ রুপরাম গান ধর্ম্মের সঙ্গীত || যমুনা দাসীকে ঘটের পুষ্পজল দিল | শুভক্ষণে যমুনা যে গর্ভবতী হৈল || প্রথম মাসের গর্ভ হয় কিবা নয় | দু মাসের বেলা হৈল ঠারাঠারি হয় || তিন মাসের বেলা কেমন . করে গা | শয্যায় পড়িয়ে বলে মরি ওগো মা || চারি মাসের বেলা রাণীর না চলে চরণ | কূল আল তেঁতুল জোঁদাকে ধায় মন || পাঁচ মাসে পঞ্চামৃত সোমঘোষ দিল | পরম কৌতুকে রাণী আপনি খাইল || ছয় মাস গত হৈল সাতেতে প্রবেশ | সাধ-কড়ি খায় রাণী অপূর্ব্ব সন্দেশ || আট মাসে অষ্টাঙ্গ খসিয়ে পড়ে গা | জঞ্জাল সহিতে নারে বড় বড় রা || নয় মাসের বেলা রাণী করে টলবল | বসিলে উঠিতে নারে মুখে ওঠে জল || দশ মাস পরিপূর্ণ হৈল দশ দিন | প্রথম চৈত্র মাস অবহিত মীন || হেনকালে সেই শিশু শয়ন সাধিল | ভূমিষ্ট হইয়ে বালা কান্দিতে লাগিল || অবনীতে পড়ি শিশু পালটিল গা | শিশুর মুখেতে হয় জয়দূর্গা রা || হাতে চন্দ্র কপালে মাণিক রাজদন্ড | ধাত্রী আসি বলে পুত্র হইবে দুর্দ্দন্ড || তাহা শুনি সোমঘোষ আনন্দিত মন | ধাত্রীকে বিদায় করে দিয়া নানা ধন || আনন্দে অবধি নাই আনন্দ-বাধাই | বাসলীর বাক্যে নাম রাখিল ইছাই || ব্রাহ্মণ বৈষ্ণবে ঘোষ কত করে দান | রজক নাপিতে কত ভান্ডারে বিলান || ঢেকুরে জন্মিল যদি ইছাই মহাবল | দম্ভে ঢেকুরের জল করে টলমল || আদ্য ঢেকুর পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
