| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| রাক্ষসী পিশাচী বস্যা হাসে এক ঠাঞী | সুপরিয়া ( ? ) ঘোড়া গিলে বোল চোল নাঞী || ধাওধাই যুঝে কেহ উলঙ্গ হইয়া | কি খাব কি খাব বল্যা নাচে পাক দিয়া || অতি বৃদ্ধ ডাকিনী ডাগর শব্দ ডাকে | হস্তা যেন জন্তু গিলে চুপ দিয়া থাকে || রণমাঝে অবতার সর্ব্বমঙ্গলা | দুইদন্ড সংগ্রামে পরিল মুন্ডমালা || ডাকাডাকি পড়িল কুচ্ছিত কলরব | সমুখ সমরে সৈন্য ভঙ্গ দিল সব || পালাল্য সর্দ্দারসিংহ সভাকার চুড়া | বাঁশবনে লুকাইল মান্ধাতার খুড়া || দিগে দিগে পলায় রাউত আসোআর | লোহাটা বর্জ্জর বণে বলে মার মার || তাড়াতাড়ি ব্যালিশ দিগার হানে কাটে | আচম্বিতে কুরুক্ষেত্র অজয়ার ঘাটে || হান্যা পেল্যা উলটি পালটি ঝটঝট | আচম্বিতে ভঙ্গ দিল হস্তী ঘোড়া ঠাট || ভঙ্গ দিল মহাপাত্র রাজা গৌড়েশ্বর | কর্ণসেনের ছয় বেটা গেল যমঘর || বারভুঞ্যা সর্দ্দার পালায় দলবল | শোকে রাজা কর্ণসেন তৃষ্ণায় বিকল || রণ জিন্যা লোহাটা বর্জ্জর গেল ঘর | রূপরাম গান গীত অনাদ্যের বর || রাজা পাত্র ভুঞা বঙ্গ দিল রণে | গোউড় সহরে দেখা দিল সর্ব্বজনে || অজয়ার উত্তরে রুধিরের গঙ্গা বয় | লোহাটা ঢেকুর গেল রণ হৈল জয় || ইছাই হইল রাজা ঢেকুর ভেতরে | পুত্রশোকে কান্দে কর্ণসেন নৃপবরে || কান্দিতে কান্দিতে যান গৌড় ভুবন | ছয় পুত্র রণে মৈল নাঞী দেখে গন || বন্ধুঘরে কর্ণসেন দিল দরশন | যুগল নয়ন আঁখি আষাঢ়-শ্রাবণ || বন্ধুঘরে আছেন বনিতা আর দাসী | রাজ্য গেল বিধাতা করিল বনবাসী || শীলাবতী রাণীকে বলএ বিবরণ | ছয় বেটা মৈল তোর ঢেকুরের রণ || সাত পুরুষের ভূম এতদিনে গেল | বনিতা সমুখে শোকে কান্দিতে লাগিল || ছয় বধূ অনুমৃতা হৈল জরাতুর ( ? ) | পুত্রশোকে মৈল রাণী খাইয়া মাহুর || চেয়্যা দেখে দশদিক সব হৈল শূন | ধন কড়ি লুটিল ভান্ডার হৈল উন || শোকে হৈল কাতর অম্বর নাঞী রাখে | মন হৈল পাগল বদনে ভস্ম মাখে || দূরে রাখে অম্বর নিলেক বাঘছাল | এত দিনে ঘুচিল সংসার মায়াজাল || তপস্যা করতে আমি যাব মধুবন | বিশেষ বনিতা শোকে হৈল অচেতন || বৃন্দাবনে তপস্যা করিতে চলে যাই | মনেতে পড়িল তার গৌড়েশ্বর ভাই || বাঘছাল পরিধান তখনি পরিল | পুনর্ব্বার রাজার দরবারে দেখা দিল || রাজার সমুখে আসি কর্ণসেন কান্দে | বারভুঞাগণ সব বুক নাঞী বান্ধে || কর্ণসেন কান্দে তবে নৃপতির পায় | বাঘছাল বুকে দিয়া গড়াগড়ি যায় || ছয় পুত্র মরিতে মরিল ছয় বধূ | অনুমৃতা আনন্দে হইল ছয় বধূ || উভয়সঙ্কটে শোকে মৈল সত্যবতী | গয়া গঙ্গা এহার অবশ্য চাই গতি || আপনার পিন্ডদান করিব আপনি | হাসিতে হাসিতে হারাইনু চিন্তামণি || দ্বিজে দান নাঞী দিনু না বলিনু হরি | মকরন্দ থাকিতে গরল খায়্যা মরি || জ্ঞাতি নাঞী সংসারে বঞ্চিতে যাব কোথা | রমণী মরণে মন হৈল মহীলতা || আদ্য ঢেকুর পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
