| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| আজি কেন লাউসেন নাই শুনে কথা | পুনর্বার কান্দিলে মায়ের খাও মাথা || আপুনি পেত্যায় রাণি আয় আয় বলে | সোনার বাজার তায়ে সমুদ্রের জলে || গোপনে হয়্যাছে পূর্ণ কৃষ্ণ অবতার | না কান্দ না কান্দ বাপু এই সমাচার || হার গেঁথ্যা দিব কালি আকাশের ফুলে | কানাই বাজান বাঁশী কদম্বের মূলে || রাম অবতার বাপু কৃষ্ণ অবতার | শ্রীরামলক্ষ্মণ হৈল সমুদ্রেরপার || ওরে লাউসেন বাছা আ[য়] বাছা আয় | কলধৌত তরণী তরঙ্গে ভেসে যায় ||ধু || পুনরপি শ্রীমান রাবণে যুদ্ধ হয় | এত বলি পেত্যায় কদাচ নাই রয় || কান্দিতে কান্দিতে কান্দে নহে নিবারণ | ব্যাকুল হইয়া তখন রঞ্জাবতী কন || চারি দন্ড হৈল বাছা দুগ্ধ নাই খায় | কল্যাণী মানিকী বলে এহার উপায় || কেহ কানকথা কহে কেহ বান্ধে রক্ষা | কেহ বলে পাটপড়শি বা গেল দেখ্যা || কান্দিতে কান্দিতে শিশু কোলে ঘুম গেল | কল্যাণী মানিকী বলে জঞ্জাল করেছিল || কোলে দুগ্ধ খায় তখন লাউসেন কোঙর | দ্বিজ রূপরাম গান সেবি মায়াধর || আনন্দে যুগল শিশু বাড়ে দিনে দিনে | দ্বিতীয়ার চন্দ্র যেন উদয় গগনে || এক দুই তিন চারি পাঁচ মাস যায় | পুণ্য দিন ছয় মাসে পরিবন্ধ তায় || দুই ভাই ধাত্তাধাই বুলে বাড়ি বাড়ি | সজাগ দেখিলে দুহে যায় রড়ারড়ি || ঘটি বাটি থালা ভাঙ্গে ভরন্ত কলসি | মেজ্যায় ঢালিয়া জল কাদা করে বসি || ঘরে আর বাহিরে সদাই ধাত্তাধাই | দিনে দিনে টামালি [ হইল ] দুই ভাই || বাহিরে করিয়া কাদা তায় বোনে ধান | ভুজঙ্গ বিলাই ধরে ভুজঙ্গ সমান || নিবড়িল দুই বৎসর তিনেতে প্রবেশ | মনে করে ময়না নগরে বস্যা কিসে || গুলি-দান্ডা ভেটা খেল্যা বোলে ধাত্তাধাই | বিশেষ জুআর চোর হইল দুই ভাই || দুই সন্ধ্যা ঝালি খেলে চড়ি বড় গাছ | সাটীদীঘির জলে সদাই খেলে মাছ || [ হেনকালে রঞ্জাবতী ভাবে অনুমান | দাসী দিয়া স্বামীকে ডাকিল বিদ্যমান || বুড়া রাজা কর্ণসেন দিল দরশন | জোরহাথে রঞ্জাবতী করে নিবেদন || রঞ্জাবতী রানী তখন বলে জোড়-কর | এই নিবেদন করি তুয়া বরাবর || নিজ দোষে মূর্খ হইল লাউসেন কর্পূর | সদাই সহরে খেলে চরণে নপূর || জঞ্জাল করয়ে দুহে সহরে সহর | প্রজাগণ এস্যাছিল মোর বরাবর || ডাকিয়া আনহ গোসাঞি কুলের ব্রাহ্মণ | লাউসেন কর্পূরে আজি পড়াকু যতন || রঞ্জার বচনে মহারাজা সায় দিল | কুলের ব্রাহ্মণ তবে ডাকিয়া আনিল || নানা উপহার দিব্য আনিয়া তখন | স্নান করে লাউসেন রঞ্জার নন্দন || পঞ্চ দেবতার পূজা আনন্দে করিল | সরস্বতী দ্বিজবর পূজিতে লাগিল || খড়ি হাথে দ্বিজ [ তবে ] দেখাল অক্ষর | লাউসেন হইতে দিল কর্পূর পাতর || ক খ আদি পড়িল অক্ষর যথোচিত | চৌতিশ অক্ষর আগে পড়িল তুরিত || পড়িল আঠার ফলা হইয়া সাবধান | আঙ্ক আঙ্ক পড়ে আর সিদ্ধি বানান || পরস্মৈপদ পড়ে আত্মনেপদে মন | তরাতরি ভাবপদ পড়িল তখন || কর্ম্মপদ পড়িলেন শতৃপদ তায় | আনন্দে লাউসেন পড়ে ময়নার রায় || তিন কান্ড সুবন্ত পড়িল তিন দিনে | মঞ্জরী পড়িতে মন হইল শুভক্ষণে || অল্প দিনে লেখাপড়া শিখিল বিস্তর | ভট্টাচার্য্য সহিত সমস্যা নিরন্তর || যার তার সনে করে টীকার বাখান | পড়িল নিগম শাস্ত্র ভারথ পুরাণ || জৌতিষ পড়িল কিছু রাজার কোঙর | লাউসেন পড়ে আর কর্পূর পাতর || এগার বত্সরে হইল কর্পূর লাউসেনে | হেন মতে নানা বিদ্যা পড়ে দুইজনে || অনাদ্যের মায়া কহনে না যায় | মউরভট্ট বন্দ্যা দ্বিজ রূপরাম গায় || . ****************** || লাউসেন-চুরি পালা সমাপ্ত || . এই পাতার উপরে . . . মিলনসাগর |
