| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| এত বলি ভবানী বিমানে আরোহণ | গড়ের বাহিরে বীর দিল দরশন || পার হৈল কালিনী পদুমাপানে চায় | হস্তী হয় একাকার দেখিবারে পায় || ঝনঝন শবদে সঘনে শিঙ্গা পড়ে | খাঁড়া দেখি বিজুলি চমক যেন ঝাড়ে || আলম্ব উদ্ভব হরি যেন অবতার | সেইরূপ শাঁখা বীর ডোমের কুমার || বিষম সাহস বীর আগু থানা লেই | মহী যেন যুদ্ধের আগুনে ঝাঁপ দেই || সেনামধ্যে অবতীর্ণ অকাল আপদ | মেঘনাদ সমান বিক্রম বিশারদ || দুই হাথে হানে শেল আথালি-পাথালি | ভূপতির সেনা যত খায়্যা বুলে তালি || ধানুকী বন্দুকী ঢালী হইল তৈলাত | মাথায় ঝঞ্ঝনা যেন পড়ে অকস্মাত || একা হৈল শাখা বীর দশ ইন্দ্রজিত | সিফাই সর্দার কাটে নাঞি পরিমিত || কেহ ভঙ্গ দিলেক রাখিয়া শরধনু | কোন রীতে বিপাক পড়িয়া গেল মনু || ঐমনি পড়িল কেহ উঠিতে না পারে | কাটাকাটি বিপাক বাজিল অন্ধকারে || মাঝরণে ঘোড়ার রাখিতে নারে বাগ | ঐমনি পড়িল খস্যা রাউতের পাগ || চঞ্চল হইল রণে সর্দার সিফাই | কেবা কোথা যুদ্ধ করে দেখিতে না পাই || অন্ধকারে মহারণ নাঞি পরিচয় | কালুর নন্দন বলি কেহ কেহ কয় || ধরণীতে শাখার সমান নাঞি বীর | একবারে অঙ্গে পড়ে এক লক্ষ তীর || সাঙ্গ শেল ঝকড়া উপরে শেল পড়ে | উল্কাপাত খসে যেন মাঘমাসের ঝড়ে || গুলি পড়ে একবারে বিংশতি কাহন | হান কাট চৌদিগে পড়িল ঝনঝন || কেহবা রাখিল থানা হানা পাছু পাইল | নামজাদা মিঞা পাকি আগু হয়্যা আইল || দশ হাজার সর্দার শাখার সঙ্গে যুঝে | ভুজঙ্গ সমান অসি ধরে ডান ভুজে || বাম হাথে দারুণ মহিষা ঢাল ধরে | তাড়াতাড়ি চোট হানে শাখার উপরে || পরম সন্ধানী সভে সঞ্চার চরণে | ঝুপঝুপ সৈন্য পড়ে শাখাডোমের রণে || আথালি-পাথালি অসি হানে দুই হাথে | হাথি সব গড়াগড়ি যেন বজ্রাঘাতে || একচোট উতারিতে বিশাশয় পড়ে | সিফাই খনক আর মিঞা পাকি লড়ে || হান হান বলে শাখা বলে মার মার | ঢালী পাকি ধানুকী কাটিল একাকার || বড় বড় সর্দার সিফাই সব হানে | হাথি ঘোড়া যায় লোট জামাজোড়া সনে || শরবৃষ্টি চৌদিগ অনর্থ কাল ঘোর | দূরন্ত ডোমের বেটা রণে বড় চোর || পাছু হৈল রাজসেনা দেখিয়া সরস | অভিমন্যু রণে যেন বাড়াইল যশ || আসর সহিত ধর্ম হবে বরদায় | রূপরাম ফকির ধর্মের গীত গায় || দহে লুকাইল হাথি উপরে রাউত | শাখা বীর সংগ্রামে সাক্ষাত যমদূত || ভাঙ্গিল রাজার সেনা ফিরিয়া না চায় | খানা রাখি বারভূঞা তরাসে পালায় || চূড়া নামে ঢালী ছিল তাম্বুলি ছায়াল | শাখাবীর সমুখে পাতিল খাঁড়া ঢাল || তোর নাম শাখা বটে মোর নাম চূড়া | গ্রামের সম্বন্ধে তোর বাপ ছিল খুড়া || দুইকড়া কড়ি আজ সমুখে রাখিব | দেবী যারে সহায় সেজন কুড়াইব || জানিব জানিব শাখা তোর যত বল | বিস্তর দিবসে দেখা জীবন সফল || যখন আছিলে পূর্বে রমতি ভুবনে | সে সব বিক্রম খেলা সব পড়ে মনে || বোলে চালে এত কাল বঞ্চিলে কল্পনা | পড়িলি আমার হাথে হারালি আপনা || বলিতে কহিতে শাখা আগুয়ান হৈল | আগু হয়া ডোমের বেটা বুক পাত্যা দিল || লাউসেনের দোহাই মায়ের মাথা খাই | এই ঠাঞি হৈতে যদি অন্য ঠাঞি যাই || আগু হইতে পাছু যদি নড়ি এক পা | বধূ নয় মউরা ডুমনী মোর মা || যত শক্তি থাকে তোর তত শক্তি হান | তোর ঘা খাইয়া তোর বধিব পরাণ || বুক পাত্যা দিল বীর শাখাই সুন্দর | চূড়া বলে আমার পড়িল মন্বন্তর || বলিতে বলিতে চূড়া পায়ে ভর করে | আরোপিল যমধর শাখার জঠরে || যমধর হানিতে বাহির হৈল আঁত | সর্বাঙ্গ কাঁপিল তার কবচের দাঁত || চোট হান্যা চৃড়া ঢালী বাতাসে লুকায় | সামালিয়া শাখাবীর চারিপানে চায় || পাগের আঁচল চিব়্যা বান্ধিল জঠর | দেখাদেখি তাড়া দিল চূড়ার উপর || শাখা বলে ওরে চূড়া যাস তুই কোথা | হাথে ছিল মেলা টাঙ্গি হানে তার মাথা || সমরে পড়িল চূড়া দেখে সর্বজন | মালসাট মারি উঠে ডোমের নন্দন || সংগ্রামে জিনিল শাখা সিংহ অবতার | বাড়ীকে বিদায় শীঘ্র সঙ্গে শিঙ্গাদার || শাখা বলে শিঙ্গা রে নাঞি চলে পা | কঠিন প্রহারে ঘায়ে জ্বলে সর্ব গা || পরাণের শিঙ্গাদার বলিহ বাপেরে | বলিহ তোমার শাখা পড়িল সমরে || বাপের তরে দিয় রে হাথের ধনুখান | তের দলুই লহু মোর চোখ চোখ বাণ || সুখা ভাই লহু কাতি হীরাবান্ধা কড়ি | মায়ের তরে দিয় ভাই পাটের পাছুড়ি || প্রাণের সমান ঘরে মউরা সুন্দরী | তার তরে দিয় মোর মাণিক অঙ্গুরী || জননী চরণে কয়্য মোর নিবেদন | মউরা ডুমনী যেন করেন পালন || ধর্ম ধর্ম বলি শাখা ধর্মকে ধিয়ান | রণস্থলে শাখাবীর তেজিল পরাণ || অনাদ্যের পদরেণু ভরসা কেবল | দ্বিজ রূপরাম গান ধর্মের মঙ্গল || এক চোটে মুন্ড তার কাটে শিঙ্গাদার | ধাওাধাই পাইল গিয়া গড়ের দুয়ার || হোথা লয়্যা ডুমনী পুত্রের মুখ চায়্যা | হেনকালে শিঙ্গাদার উত্তরিল গিয়া || লখ্যা বলে কহ আগে পুত্রের বারতা | না বলিতে হাতে দিল শাখাইর মাথা || ঐমনি কাছাড় খায়্যা পড়িল ডুমনী | কি হল্য কি হল্য বলি লোটায় ধরণী || ব্যাকুল হইল লখ্যা মুন্ড হাথে করি | মেঘনাদ মরণে যেমন মন্দোদরী || সুভদ্রা ব্যাকুল যেন অভিমন্যু বিনে | রুক্মিণী পাগল যেন হারায়্যা মদনে || শম্বর করিল চুরি সূতিকার ঘরে | বাড়িল বিষম শোক মথুরা নগরে || শাখাই পড়িল রণে পড়িল ঘোষণা | ঘোষণা পড়িল সেই দক্ষিণ ময়না || ছোট বড় লোক কান্দে শাখাই মরণে | মজিল ময়না রাজ্য লাউসেন বিনে || দারুণ পুত্রের শোক দৈব প্রতিকুল | লখিয়া ডুমনী কান্দে নাঞি বান্ধে চুল || কপালে আঘাত হানে উরসে চাপড় | . ****************** . জাগরণ পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
