| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| পাত্র মহামদ বলে এই কোন্ কথা | তোমার হুকুম কাটে কার দুটো মাথা || কালিনী গঙ্গার ঘাটে রান্ধ্যা খাব ভাত | সবেমাত্র কাটিব সেনের কলাপাত || কাঠ হাঁড়ি মাগ্যা নিব সভাকার ঘরে | আপন হুকুমে লুট কার বাপে করে || এত বলি বিদায় রাজার বিদ্যমান | মহাপাত্র আপনি বান্ধিল ফুলপান || সাজ সাজ শবদ দামাতে পড়ে ঘা | নব লক্ষ সেনা যে তুলিয়া বান্ধে গা || দামামা দগড় বাজে বাজে রণতুর | হস্তীর উপরে বাদ্য বাজে দুড়দুড় || কত ঠাঁই শিঙ্গা পড়ে কত ঠাঁই কাড়া | কত ঠাঁই সাজন করিছে হাথি ঘোড়া || গগন ছাইয়া গোলা পড়ে দামদুম | ছমাসের মড়ার ভাঙ্গিল কালঘুম || বরঙ্গ পটহ শিঙ্গা সঘনে তেঘাই | দশ মুখে সাজে সেনা সর্দার সিফাই || হাসন হুসন সাজে পায়ে দিয়া মোজা | যাহার সংহতি সাজে বিশ হাজার খোজা || জিয় রে হাসন হুসন ঘোড়া লয়্যা যায় | দেবতা অসুর নর দেখিয়া পালায় || ভুর্কুন্ডা পাঠান সাজে রায়টি মগল | লোহা লয় মরিবারে হীরার বদল || কাল ধল রাঙ্গা টুপি সভাকার মাথে | রামের ধনুক যেন শোভা করে হাথে || সকল বচনে তারা সঙরে খোদায় | এক রুটি পাইলে শতেক মিঞা খায় || পশ্চিমদিগের সাজে খানসামা কাজি | বত্রিশ হাজার সঙ্গে পর্ব্বতীয়া তাজী || বিশাশয় কামানে সাজিল বড় গোলা | দামদুম শব্দ শুনি চঞ্চল চপলা || সেখজাদা সাজে কত সৈয়দ জাঙ্গড়া | ভুরুটি টাঙ্গন চড়ে পর্বতীয়া ঘোড়া || বর্ধমানের কালিদাস সভাকার আগে | প্রলয় সাজন বড় দেখি ভয় লাগে || পাখরিয়া ঘোড়া সঙ্গে পর্বতীয়া জাত | লাফ দিয়া পড়ে ঘোড়া দশ বিশ হাত || মঙ্গলকোটের রাজা সাজে গজপতি | ধলরাজা মল্লরাজা যাহার সঙ্গতি || ভালিকির সাজিল ভবানী মহাশয় | পর্বতীয়া টাঙ্গনে যাহার অস্ত্র বয় || দশদিগে হাথি ঘোড়া পদাতি পাইক | আচম্বিতে দেখা দিল অকাল কৌশিক || অঘোর দুন্দুভি বাদ্য পড়ে দাবাশিল | দামামার শব্দ শুনি দুরদুর দিল || সাজিল রাজীব রায় প্রধান পড়্যায় | যার সঙ্গে ঢালী পাকি বাহান্ন হাজার || আগরি সাজিল নাম দক্ষিণ হাজরা | আশি কাহন ঢালী সাজে ঢালে বান্ধা হীরা || রামরায় সাজে সঙ্গে আঠার ভাগিনা | সাজিল প্রবাল রায় বাড়ী চন্দ্রকোণা || কর্ণের সমান দাতা কৃষ্ণ পরায়ণ | হাজার তুরগী সঙ্গে বিংশতি বারণ || তবে সাজে নরসিংহ মান্ধাতার নাতি | নৈ হাজার ঘোড়া সঙ্গে বিশ হাজার হাতি || হস্তীর নিনাদ আর ঘোড়ার হ্রেষণি | এহা বই গোউড়ে শবদ নাঞি শুনি || সংগ্রামে বাসুকি সাজে বর্ণবক শিরে | বসিল হাতির পিঠে উভে খুরচিরে || সাজিল দক্ষিণ রায় গৌড়ের বেগার | যার সঙ্গে ব্যালিশ কাহন তীরন্দার || ধিকি ধিকি মাদল ফুকরে করনাল | জগঝঙ্প ডম্ফ বাজে জরপ রসাল || সদর সিফাই সাজে বাহাদুর খাঁ | গৌড়ে ইনাম যার বিশাশয় গাঁ || দেশে দেশে সাজন করিছে দলবল | ঘোড়ার রগড়ে মহী যায় রসাতল || বেণুরাজার খুড়া সাজে রাজ্যের ঠাকুর | ষোল হাজার ঘোড়া সঙ্গে নালবান্ধা খুর || ভগীরথ সিংহ সাজে ভূপতির মামা | যাহার লস্করে সাজে বিশাশয় দামা || দুরন্ত সিফাই সঙ্গে আরোহণ হয় | পর্বত প্রমাণ হাথি সঙ্গে শয় শয় || সাকি রাকি সাজিল যমক দুই ভাই | চড়িল তুরঙ্গপৃষ্ঠে পড়িল তেঘাই || বিপর্যয় বীরঢাক বিশাল বাজনা | সত্বর সাজন করে নব লক্ষ সেনা || পেলিলে সরিসা মুঠা তল নাঞি যায় | কত মহীপাল সাজে বলবন্ত রায় || ইন্দা মেট্যা সাজে আর ভাট গঙ্গাধর | লম্ফ দিয়া উঠে কেহ ঘোড়ার উপর || বিনোদ ঘোষাল সাজে রাজ পুরোহিত | দলে বলে দড়বড় সমর পন্ডিত || সভা আগে সিফাই সাজিল রামরায় | পর্বতী টাঙ্গন তাজী আরোহণ তায় || দুরদুর বাজীর পায়ের দড়বড়ি | নানা ধনে সাজন করিল উটগাড়ি || সাজিল সুরথসিংহ খালেজাদ ভায়্যা | হাজার ধানুকী সঙ্গে পাগে রাম টায়্যা || সতন্তর সৈন্য সাজে মাঝি আর রাণা | সাত ভাই সর্দার সভার কানে সোনা || যমের সমান সঙ্গে তিন হাজার ঢালী | টেড়ি করি পাক বান্ধে রাঙ্গাঘটা বালি || বীরমল্ল কৈবর্ত সাজিল সবিশেষ | এক রাতি হানা দিল তিন রাজার দেশ || সাজিল ধানুকী ঢালী ছত্রিশ বরণ | আড়ঘরে চঞ্চল তরণি দেবগণ || কুশমেট্যা বাগদি সাজিল রণজিত | দেখা দিল তিন কাহন ধানুকী সহিত || অসম সাহস গুরু অগেয়ানে লেই | রণমদে মাতিলে আগুনে ঝাপ দেই || তবে সাজে গজসিংহ তেঁতুলি বাগদি | আগু রণে হানা দেই নাই মানে বিধি || রণকালি ফুকরে সরণ বাজে ডেড়ি | ধাওাধাই বিশাল বিক্রম রড়ারড়ি || কালিসিংহ সেনা সাজে প্রধান সর্দার | রমতির ডোম সাজে ব্যালিশ হাজার || ঢালি পাকি সাজিল সর্দার লোহাগড়া | সাজিল বাউড়ি ঢালী বর্ণ কাল কড়া || কত সাজে কান্ডরা কসাই হালালখোর | ভেকধারী সাজিল বিস্তর জুয়াচোর || গগনে বহুত উড়ে পতাকা নিশান | কত ঠাঁই বাদ্য বাজে চঞ্চল পরাণ || সাজন করিল যদি নব লক্ষ সেনা | লস্কর ভিতরে সাজে ব্যালিশ বাজনা || কত শত সাজিল বেগারি বেলদার | বেপারী সাজিল বহু ব্যালিশ বাজার || সঘন দুন্দুভি বাদ্য বাজিছে বিশাল | ময়না করিল যাত্রা কত মহীপাল || বিদায় হইল পাত্র রাজার চরণ | মাণিকরাজ হস্তীর উপরে আরোহণ || চারদিগে বারভূঞা হস্তীর পয়ান | মহাপাত্র আপুনি ময়না রাজ্য যান || দশমুখে চলে সেনা সিফাই সর্দার | কালুত্তক গোউড় শহর একাকার || ষোল কোশ জুড়িয়া পদ্ধতি চলে ঠাট | ফরিকাল ধানুকী বলিছে হান কাট || গায়ে গায়ে ধানুকী বন্দুকী বিলক্ষণ | এইরূপে সেনাগণ করিছে সাজন || বিপর্যয় শবদ অঘোর বাদ্য বাজে | কুঞ্জরে সিফাই যেন চন্দ্রকলা সাজে || দেখাদেখি কর্জনা করিল পাছুয়ান | একদিন মোকাম করিল বর্ধমান || . ****************** . জাগরণ পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
