| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| ছয় রাগ স্তব করে ছত্রিশ রাগিণী | দেবতা অসুর বলে জোড় করি পাণি || এত শুনি দেবতাসমাজে সূর্য কন | পশ্চিমউদয় দিতে বল যত দেবগণ || হাকন্ডে উদয় দিব অল্প কথা নয় | পুষ্পের বিমান বিনা জীবন সংশয় || অশ্ব বিনা বিমানে উদয় দিতে চাই | অন্য পর বিমানে পশ্চিমউদয় নাই || ঠাকুর বলেন মোর লহ রথঘর | দ্বিজ রূপরাম গান অনাদ্যের বর || পশ্চিম উদয় দিতে সূর্যের গমন | ধর্মের কুসুমরথে কৈল আরোহণ || ধাওাধাই অসুর দেবতা দুই কূলে | মহাযোগ বারুণী মানব যেন বলে || বিমানে বসিল সূর্য পশ্চিমউদয় দিতে | দেবতা রমণী যত ধাইল দেখিতে || পাতালের বাসুকি রথের হৈল দড়া | ছোট বড় দেবতা রথের হৈল ঘোড়া || দেবতা সকল রথ করে টানাটানি | অনাদ্য ঠাকুর রত টানেন আপনি || হরি বলে দেবতা অসুর বলে জয় | হাকন্ড ভুবনে হৈল পশ্চিম উদয় || অপূর্ব উদয় হৈল হাকন্ডের কূল | ধর্মের দুয়ারে বাইতি দিলেক ধুম্বুল || এ তিন ভুবনে উঠে জয় জয় রোল | পশ্চিমউদয় দেখিতে দেবের গন্ডগোল || জয়ধ্বনি শঙ্খধ্বনি বিষ্ণুর মন্দিরে | আনন্দ বাড়িল বড় ইন্দ্রের নগরে || অবনীমন্ডলে পূর্ণ জয়জয়াকার | পশ্চিম উদয় দেখে সকল সংসার || গোউড় হইতে দেখে রাজা গৌড়েশ্বর | ভৈরবীর জলে রাজা দান ধ্যান করে || মহারাজা দান করে পাত্র করে মানা | পশ্চিম উদয় কোথা কোথা বা ভাগিনা || জয়া ধোবা খার জ্বালে শুকা কাটে পালা | এহার কারণে রাজা গৌড় হৈল আলা || অকালে করিলে দান দোষের বিষয় | শুন্যাছি পন্ডিত মুখে গ্রন্থমালা কয় || পাত্র মহামদ বলে রাজা নাঞি শুনে | দান ধ্যান করে রাজা আপনার গুণে || কলিযুগে পশ্চিমউদয় দেখি পরতেক | ব্রাহ্মণের হাথে দিল শস্য অতিরেক || গোউড়ের লোক যত দান ধ্যান করে | রঞ্জাবতী পশ্চিমউদয় দেখে বন্দীঘরে || কানড়া কুমারী দেখে ময়না ভুবনে | পশ্চিম উদয় হৈল বলে সর্বজনে || কুলের রমণী যত করে ধর্মপূজা | ঘরে বস্যা দেখে লোক বৈকুন্ঠের ধ্বজা || কত কত পাতকী কতেক যুগ ছিল | পশ্চিম উদয় দেখি চতুর্ভুজ হৈল || ব্রহ্মহত্যা পাতকী হইলা ত্রিলোচন | স্ত্রীহত্যা পাতকী হইলা নারায়ণ || সকল সংসার বলে রাত্রি পোহাইল | গৃহকর্মে সত্বর সভাই মন দিল || হাটিলা সাজিল হাটে লইয়া দোকান | প্রথম বৈশাখ মাসে ক্ষেতে বুনে ধান || কোলের বৌয়ারী উঠ্যা দেই ছড়াঝাটি | শীলমন্ত গৃহস্থ গৃহের পরিপাটি || বার দন্ড পশ্চিমউদয় হাকন্ডে হইল | অসুর মানব সব নাচিতে লাগিল || হেনবেলা লাউসেন হাকন্ড ভিতর | সাক্ষী কব়্যা রাখেন বাইতি হরিহর || গঙ্গাজল তুলসী তাহার হাথে দিল | ধর্মের সমুখে সেন প্রমাণ রাখিল || পশ্চিমউদয় দিল সূর্য হাকন্ডশিখর | পরিপূর্ণ অবতীর্ণ অবনী উপর || বার দন্ড বই সূর্য হৈল সচেতন | পুনরপি অন্ধকার সয়াল ভুবন || ফলশ্রুতি লিখিল কপিল মহাশয় | কত পুণ্য দেখিলে শুনিলে কত হয় || যে জন দেখিল এহা তার জন্ম নাঞি | একচিত্তে শুনিলে গোলকে পাই ঠাঞি || ব্রাহ্মণ শুনিলে এহা হয় বেদগুরু | সজ্জন শুনিলে হয় দানে কল্পতরু || ভেদবর্ণ বণিক অভেদ বর্ণ যত | যে জন যেমত শুনে তার সেইমত || ছাত্রগণ শুনিলে বিস্তর বিদ্যালাভ | উদাসীন শুনিলে গুরুকে বাড়ে ভাব || পঞ্চবর্ণ শুনিলে গুরুকে ভাব বাড়ে | জনমে জনমে তার লক্ষ্মী নাহি ছাড়ে || সধবা শুনিলে হয় ধন পুত্রবতী | বিধবা শুনিলে তার ধর্মে বাড়ে মতি || আনন্দের সীমা নাই এ তিন ভুবন | এতদূরে সমাপ্ত হইল জাগরণ || দ্বিজ রূপরাম গান অনাদ্যের বর | পাষন্ড জনার মুন্ডে পড়ুক বজ্বর || . ****************** || জাগরণ পালা সমাপ্ত || . এই পাতার উপরে . . . মিলনসাগর |
